জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ

Spread the love

শুভদিন অনলাইন রিপোর্টার:

নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে জয়ের সুবর্ণ সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ। আজ লিগ পর্বের ম্যাচে শেষ ওভারে গিয়ে দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে হেরেছে টাইগ্রেসরা। এই হারে ৪ ম্যাচে ১ জয় ও ৩ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে বাংলাদেশ। সমানসংখ্যক ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠল দক্ষিণ আফ্রিকা।
ভারতের বিশাখাপত্তমে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সাবধানে খেলে উদ্বোধনী জুটিতে ৯৭ বলে ৫৩ রান যোগ করে দলকে ভাল শুরু এনে দেন দুই ওপেনার ফারজানা হক ও রুবাইয়া হায়দার।
১৭তম ওভারের প্রথম বলে সাজঘরে ফিরেন রুবাইয়া। ২ বাউন্ডারিতে ৫২ বলে ২৫ রান করেন তিনি। ২৫তম ওভারে বিদায় নেন ফারজানা। ৩টি বাউন্ডারিতে ৭৬ বলে ৩০ রান করেন এই ডান-হাতি ব্যাটার।
৭৩ রানের মধ্যে দুই ওপেনার ফেরার পর বাংলাদেশের রানের চাকা সচল রাখেন শারমিন আকতার ও জ্যোতি। তৃতীয় উইকেটে ৯১ বলে ৭৭ রান যোগ করে বাংলাদেশের রান দেড়শতে নেন তারা। ৪১তম ওভারের শুরুতে জ্যোতির বিদায়ে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। ৫ চারে ৪২ বলে ৩২ রান করেন তিনি।
জ্যোতি ফেরার পর ক্যারিয়ারের ৫০তম ওয়ানডেতে নবম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন শারমিন। অর্ধশতক করেই আউট হন তিনি। ৬টি চারে ৭৭ বলে ৫০ রান করেন তিন নম্বরে নামা শারমিন।
৪৩তম ওভারের তৃতীয় বলে দলীয় ১৬৪ রানে চতুর্থ ব্যাটার হিসেবে শারমিন ফেরার পর বাংলাদেশের রান দ্রুত ঘুরিয়েছেন পাঁচ নম্বরে ব্যাট হাতে নামা স্বর্ণা আকতার।
শেষ দিকে স্বর্ণার সাথে তাল মিলিয়েছেন রিতু মনি। সপ্তম উইকেটে স্বর্ণা ও রিতুর ১৮ বলে ৩৭ রানের অবি”িছন্ন জুটিতে ৫০ ওভারে ৬ উইকেটে ২৩২ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।
৩৪ বলে ওয়ানডেতে প্রথম হাফ-সেঞ্চুরি তুলে ৫১ রানে অপরাজিত থাকেন স্বর্ণা। তার ৩৫ বলের ইনিংসে ৩টি করে চার-ছক্কা ছিল। ৩ বাউন্ডারিতে ৮ বলে ১৯ রানে অপরাজিত থাকেন রিতু।
দক্ষিণ আফ্রিকার স্পিনার ননকুলুলেকো মালাবা ২ উইকেট নেন।
জবাব দিতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। রানের খাতা খোলার আগেই প্রোটিয়া ওপেনার তাজমিন ব্রিটসকে বিদায় দেন বাংলাদেশের স্পিনার নাহিদা আকতার। দ্বিতীয় উইকেটে ৫৮ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেয় প্রোটিয়ারা।
তবে ২০ রানের ব্যবধানে দক্ষিণ আফ্রিকার ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচের লাগাম নেয় বাংলাদেশ। ৭৮ রানে পঞ্চম উইকেট হারায় প্রোটিয়ারা।
ষষ্ঠ উইকেটে মারিজান কাপ ও ক্লো ট্রায়নের ৮৫ রানের জুটিতে ম্যাচে ফিরে দক্ষিণ আফ্রিকা। ৫৬ রান করা কাপকে শিকার করে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন নাহিদা। দলীয় ১৬৩ রানে বিদায় নেন কাপ।
দলীয় ১৯৮ রানে সপ্তম ব্যাটার হিসেবে ট্রায়ন রান আউট হলে, জয়ের সম্ভাবনা জাগে বাংলাদেশের। ৬২ রান করেন ট্রায়ন।
ট্রায়নের বিদায়ের সময় ৩১ বলে ৩৫ রান দরকার পড়ে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের প্রয়োজন ছিল ৩ উইকেট।
অষ্টম উইকেটে বাংলাদেশের সামনে প্রতিরোধ গড়ে তুলেন নাদিন ডি ক্লার্ক ও মাসাবতা ক্লাস। শেষ ২ ওভারে ১৩ রান দরকার পড়ে প্রোটিয়াদের। ৪৯তম ওভারে ডি ক্লার্কের ক্যাচ ফেলেন স্বর্ণা। ঐ ওভার থেকে ৫ রান আসলে শেষ ওভারে জয়ের জন্য ৮ রানের দরকার পড়ে দক্ষিণ আফ্রিকার। নাহিদা করা ঐ ওভারের প্রথম বলে চার ও তৃতীয় বলে ছক্কা মেরে বাংলাদেশকে জয় বঞ্চিত করেন ডি ক্লার্ক। ক্লাস ১০ ও ডি ক্লার্ক ৩৭ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের নাহিদা ২টি, রাবেয়া-ফাহিমা ও রিতু ১টি করে উইকেট নেন।
আগামী ১৬ অক্টোবর একই ভেন্যুতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *