ত্রিপক্ষীয় আলোচনা: সিএফএ কেস নিষ্পত্তিতে ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে আইএলও রোডম্যাপের অবশিষ্ট কার্যক্রম সম্পন্নের লক্ষ্য নির্ধারণ

শুভদিন অনলাইন রিপোর্টার:

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইএলও-র যৌথ উদ্যোগে সিএফএ কেস নিষ্পত্তির লক্ষ্যে আইএলও রোডম্যাপের ওপর দিনব্যাপী উপস্থাপনা ও ত্রিপক্ষীয় আলোচনা রাজধানীর হোটেল রেডিসনে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন (আইটিইউসি) ও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব এমপ্লয়ার্স (আইওই)-এর উচ্চপর্যায়ের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ আব্দুর রহমান তরফদার রোডম্যাপ বাস্তবায়নের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে রোডম্যাপের অবশিষ্ট কার্যক্রম নির্ধারণ করা হয়, যা ২০২৭ সালের ফেব্রুয়ারি মধ্যে অর্জনের বিষয়ে সবাই একমত হন। মিশনের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, এর মাধ্যমে ২০২৭ সালের মার্চে অনুষ্ঠিতব্য আইএলও গভর্নিং বডির সভায় সিএফএ কেস নিষ্পত্তিতে মূল ভূমিকা রাখা সম্ভব হবে।

আইটিইউসি-র জেনারেল সেক্রেটারি লুক ট্রায়াঙ্গল মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি ও সামাজিক সংলাপকে “অসাধারণ” আখ্যা দিয়ে আলোচনার সাফল্যে গভীর সন্তোষ প্রকাশ করেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরাও মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট পক্ষগুলোর আন্তরিকতা এবং অগ্রগতির প্রশংসা করেন।

বৈঠকে শ্রমিকপক্ষে বক্তব্য রাখেন জনাব আনোয়ার হোসেন এবং মালিকপক্ষে বিকেএমইএ সভাপতি জনাব ফজলে শামীম এহসান। আরও উপস্থিত ছিলেন আইওই-র ভাইস-চেয়ার কাইজার মোয়ানে, আইএলও গভর্নিং বডির সদস্য জেস ভোগট এবং আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনুন।

অতিরিক্ত সচিব মোঃ আবদুর রহিম খান থিমেটিক আলোচনায় মডারেটরের দায়িত্ব পালন করেন। এছাড়া কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোঃ ফরহাদ সিদ্দিক, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুছ সামাদ আল আজাদসহ মন্ত্রণালয়, বেপজা ও অন্যান্য দপ্তরের উচ্চপর্যায়ের কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।

উপস্থিত সকল পক্ষ শ্রম খাতের টেকসই উন্নয়নে এবং নির্ধারিত সময়ের মধ্যে রোডম্যাপের অবশিষ্ট কার্যক্রম বাস্তবায়নে একযোগে কাজ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।