অহিংসা ও শান্তি চর্চার মাধ্যমে বিশ্বে সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হবে-পানিসম্পদমন্ত্রী

শুভদিন অনলাইন রিপোর্টার:‎
‎পানিসম্পদ মন্ত্রী মোঃ শাহিদউদ্দীন চৌধুরী এ্যানী এমপি বলেছেন, বিশ্বে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অহিংসা চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করতে হবে। একটি শান্তিপূর্ণ ও বৈষম্যহীন বিশ্ব গড়তে মহাত্মা গান্ধীর অহিংসা আদর্শ আজও অনুকরণীয়।
‎
‎আজ রাজধানীর মুক্তিযুদ্ধ যাদুঘর মিলনায়তনে গান্ধী আশ্রম ট্রাস্ট আয়োজিত মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
‎
‎পানিসম্পদ মন্ত্রী বলেন, মহাত্মা গান্ধী শান্তি, সম্প্রীতি ও অহিংস আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। শান্তি, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক সমাজ গঠনের জন্য সংগ্রাম করেছিলেন।  তাঁর আদর্শ অনুসরণ করে সমাজে সহিংসতা, বিদ্বেষ ও বিভেদ দূর করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
‎
‎শহীদউদ্দীন চৌধুরী আরও বলেন, টেকসই উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণেও শান্তিপূর্ণ সহযোগিতা ও পারস্পরিক সমঝোতার বিকল্প নেই। নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনাসহ অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার মনোভাব জোরদার করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে অহিংসা চর্চা পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে হবে।
‎
‎ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন মহাত্মা গান্ধীর জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে মানবকল্যাণ, সামাজিক সম্প্রীতি এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
‎
‎গান্ধী আশ্রম ট্রাস্টের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ভারতের ডেপুটি হাইকমিশনার পবন কুমার বাধে প্রমুখ।