বোয়িংয়ের কাছ থেকে ৫০টি উড়োজাহাজ কিনছে চীনা এয়ারলাইন্স

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ৫০টি ৭৩৭-৮ মডেলের উড়োজাহাজ কেনার চুক্তি করেছে চীনের সিয়ামেন এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি চায়না সাউদার্ন এয়ারলাইন্সের সহযোগী সংস্থা। মঙ্গলবার চায়না সাউদার্ন এয়ারলাইন্স এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

চীনা প্রতিষ্ঠানটি চুক্তির আর্থিক বিবরণ প্রকাশ করেনি। তবে জানিয়েছে, উড়োজাহাজগুলোর তালিকামূল্য অনুযায়ী মোট দাম প্রায় ৭৪০ কোটি ডলার হলেও প্রকৃত চুক্তিমূল্য এর চেয়ে কম হবে।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, ‘প্রকৃত ক্রয়চুক্তিতে বোয়িং সিয়ামেন এয়ারলাইন্সকে উল্লেখযোগ্য পরিমাণ মূল্যছাড় দিয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, চুক্তিটি কার্যকর হওয়ার আগে সংশ্লিষ্ট জাতীয় কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।

এদিকে, সাংহাই স্টক এক্সচেঞ্জে দেওয়া পৃথক এক বিবৃতিতে চায়না সাউদার্ন এয়ারলাইন্স জানিয়েছে, আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় শেয়ারহোল্ডারদের সভায় এয়ারবাসের এ৩২০নিও পরিবারের ১৩৭টি উড়োজাহাজ কেনার প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে।