মোঃ কামরুজ্জামান, কলাপাড়া, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের একটি ভাড়া বাসার তৃতীয় তলার কক্ষ থেকে নারী পুলিশ কনস্টেবল মেহেরুন্নেছা উর্মি (২৮)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোররাতে পশ্চিম বাদুরতলী গ্রামের ওই বাসায় তিনি থাকতেন।
উর্মি দুই সন্তানের জননী এবং কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি আমতলী পৌর শহরের শাহজাহানের মেয়ে। তার স্বামীর বাড়ি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট মাস আগে উর্মি তার স্বামী বহিষ্কৃত পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পী ও দুই সন্তানকে নিয়ে ওই বাসায় উঠেছিলেন। পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ দেখা দিত। শুক্রবার রাত দেড়টার দিকে বাপ্পী পুলিশকে জানান, তার স্ত্রী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, উর্মির স্বামী ও দুই সন্তানকে মানসিক শান্তনা দেওয়ার জন্য থানায় আনা হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।