সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শুভদিন অনলাইন রিপোর্টার:

একাধিক অনুষ্ঠানে যোগ দিতে প্রবল বৃষ্টিপাতের মধ্যে বিমানযোগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার সাথে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
আজ শনিবার সকাল ১০টা ৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন। এ সময় বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
এর আগে, সকাল ৯টা ১৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরে পৌঁছান তিনি।
প্রধানমন্ত্রী সফরের শুরুতে সরাসারি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান এবং সফরসঙ্গীদের সাথে মাজার জিয়ারত করেন। এরপর বেলা ১১টায় নগরের চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন ও সুধী সমাবেশে যোগ দেয়ার কথা রয়েছে তার।
জানা গেছে, দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল খননকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে সার্কিট হাউসে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ প্রতিযোগিতার উদ্বোধন করবেন এবং বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন তিনি। সন্ধ্যা ৭টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করার কথা রয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ভিভিআইপি প্রটোকল টিম ছাড়াও ডিবি, সিটিএসবি ও পুলিশের একাধিক টিম নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *