পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত সংঘর্ষে নিহত ৯, আহত ১৫

শুভদিন অনলাইন রিপোর্টার:

নতুন করে শুরু হওয়া সীমান্ত সংঘর্ষে আফগান সীমান্তরক্ষী বাহিনীর হামলায় নয়জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন বলে অভিযোগ করেছে পাকিস্তান। শুক্রবার (১ মে) রাতে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ তথ্য জানান।
মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি জানান, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। বৃহস্পতিবার উত্তর-পশ্চিমাঞ্চলের বাজাউর উপজাতীয় জেলায় আফগান সীমান্তরক্ষীদের ‘উসকানিবিহীন ও অপরাধমূলক হামলায়’ ১২ জন আহত হন।
তিনি বলেন, শুক্রবার ‘ফিতনা আল খাওয়ারিজ’ নামের গোষ্ঠীর একটি কোয়াডকপ্টার হামলায় তিনজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।
পাকিস্তান সরকার দেশবিরোধী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠীদের ‘ফিতনা আল খাওয়ারিজ’ নামে অভিহিত করে এবং তাদের কাবুলের সমর্থনপুষ্ট বলে দাবি করে।
পাকিস্তানের এই অভিযোগের বিষয়ে কাবুলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অতীতে কাবুল টিটিপিকে সমর্থন করার কথা অস্বীকার করেছে।
চলতি সপ্তাহের শুরুতে আফগানিস্তান জানায়, উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে চারজন বেসামরিক নাগরিক নিহত এবং ৩০ জন শিক্ষার্থীসহ ৭০ জন আহত হয়েছেন।
কাবুল জানায়, ওই বিমান হামলায় আবাসিক এলাকা এবং সায়েদ জামালউদ্দিন আফগানি বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।
তারার কাবুলের এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, পাকিস্তান কেবল বিদ্রোহী গোষ্ঠীদের আস্তানা ও সহায়ক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় এবং বেসামরিক ক্ষতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *