ঢাকার আগারগাঁওয়ে প্রত্নতাত্ত্বিক জাদুঘর উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

শুভদিন অনলাইন রিপোর্টার:

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী, এম.পি. আজ ঢাকার আগারগাঁওস্থ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রধান কার্যালয়ে নবস্থাপিত ‘প্রত্নতাত্ত্বিক জাদুঘর’ এর শুভ উদ্বোধন করেছেন। উদ্বোধন শেষে তিনি অধিদপ্তরের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আমাদের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক জাদুঘর এক অনন্য ভূমিকা পালন করবে। বাংলাদেশের প্রাগৈতিহাসিক সময়কাল থেকে শুরু করে সুলতানি ও মোঘল আমলের অমূল্য নিদর্শনসমূহ এই জাদুঘরে সুনিপুণভাবে প্রদর্শিত হচ্ছে, যা আমাদের সাংস্কৃতিক গৌরবের বহিঃপ্রকাশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ কানিজ মওলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মিজ সাবিনা আলম।

জাদুঘরটি পরিদর্শনের সময় মন্ত্রী মহাস্থানগড়, পাহাড়পুর, উয়ারী-বটেশ্বরসহ দেশের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ প্রত্নবস্তুসমূহ অবলোকন করেন। প্রদর্শনীতে খ্রিস্টপূর্ব ৩য় শতক থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত সময়ের মৃৎপাত্র, ধাতব পাত্র, সিল বা সিলিং এবং পোড়ামাটির বল স্থান পেয়েছে। এছাড়াও দশম-একাদশ শতাব্দীর অমূল্য ‘বিষ্ণু’ মূর্তি এবং অষ্টম-নবম শতাব্দীর ‘তারা’ মূর্তিসহ বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

মতবিনিময় সভায় মন্ত্রী অধিদপ্তরের কাজের গতিশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং দেশের প্রত্নতাত্ত্বিক সম্পদ রক্ষায় ও গবেষণায় আরও নিবেদিত হয়ে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *