হাম ও হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৫

শুভদিন অনলাইন রিপোর্টার:

দেশে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ২৯৫টি শিশু।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। সেইসাথে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো একটি শিশুর।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১৯৪টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ৩৯টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ২৩৩টি শিশু মারা গেছে।
এছাড়া, ২৪ ঘণ্টায় ১২৫টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার ১৭০। এই সময়ে ৮৪৭টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৩৬টি শিশু।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২৮ হাজার ৩৩৪, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা চার হাজার ৫৯। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১৮ হাজার ৮৪৫ রোগী, যাদের মধ্যে ১৫ হাজার ৭২৮ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে। ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *