মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ১৭

শুভদিন অনলাইন রিপোর্টার:

মিয়ানমারের পশ্চিমাঞ্চলের একটি গ্রামীণ বাজারে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দু’টি স্থানীয় সূত্র এই তথ্য জানিয়েছে।
পাঁচ বছর আগে সেনাবাহিনীর অভ্যুত্থান ঘটানোর পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। এতে গণতন্ত্রপন্থী কর্মী ও দীর্ঘদিন ধরে দেশের প্রান্তিক এলাকাগুলোতে বিভিন্ন জাতিগত সংখ্যালঘু গোষ্ঠী সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে।
পশ্চিম উপকূলীয় রাখাইন রাজ্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর একটি। জাতিগত সংখ্যালঘু সংগঠন আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে প্রায় পুরো রাজ্যটি। অঞ্চলটি দেশটির সামরিক বাহিনী অবরোধ করে রেখেছে এবং সেখানে নিয়মিত বিমান হামলা চালাচ্ছে।
আরাকান আর্মি ও একটি স্থানীয় স্বেচ্ছাসেবী গোষ্ঠীর তথ্যমতে, গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাখাইন রাজ্যের রাজধানী থেকে প্রায় ৩৩ কিলোমিটার উত্তর-পূর্বে পোনাগ্যুন টাউনশিপের ইয়ো এনগু গ্রামে সামরিক বাহিনী বিমান হামলা চালায়।
এ বিষয়ে মন্তব্যের জন্য মিয়ানমারের সামরিক বাহিনীর একজন মুখপাত্রের সাথে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে সংবাদ সংস্থা এএফপি।
আরাকান আর্মি এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে একটি বাজারে হামলা চালানো হয়। এতে তিন শিশুসহ ১৭ জন ‘নিরীহ বেসামরিক’ নাগরিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।

সূত্র : বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *