আমিরুল ইসলাম অল্ডাম, মেহেরপুর জেলা প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে বিএনপির একাংশের আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
গাংনী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির একাংশের উদ্যোগে গাংনী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী আব্দুর রউফ মাস্টার। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মেহেরপুর-৩ গাংনী আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব মো. আমজাদ হোসেন।
এসময় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, রাজপথের লড়াকু সৈনিক জননেতা আসাদুজ্জামান বাবলু। জাসাসের পৌর কমিটির সেক্রেটারী সুলেরী আলভীর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা কৃষকদলের আহবায়ক মাহবুবুর রহমান মাহবুব, গাংনী উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মতিয়ার রহমান মোল্লা, গাংনীর রায়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি উপাধ্যক্ষ নাসির উদ্দীন, জেলা বিএনপির সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক গোলাম মোর্তুজা সহ কৃষকদল, মহিলাদল স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে মরহুম জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা মডেল মসজিদের পেশ ঈমাম হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন।