প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশন সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে-প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

শুভদিন অনলাইন রিপোর্টার:

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অসাধারণ প্রতিভা রয়েছে। গান, নৃত্য, আবৃত্তি, গল্প বলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের সৃজনশীলতা ও দক্ষতা জাতীয় পর্যায়ে তুলে ধরতে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। আগামী বছর থেকে প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে সম্প্রচার এবং আকর্ষণীয় পুরস্কার প্রদানের উদ্যোগ নেয়া হবে।

তিনি আজ ঢাকায় মিরপুরে পিটিআইতে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং) এর ঢাকা বিভাগীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আজ আমাদের ক্ষুদে শিক্ষার্থীরা সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও চমৎকার পরিবেশনা উপস্থাপন করেছে। তবুও তাদের আত্মবিশ্বাস ও প্রতিভা আমাকে মুগ্ধ করেছে। আগামী দিনে আমরা আরও উন্নত আয়োজনের মাধ্যমে তাদের সেরাটা দেশবাসীর সামনে তুলে ধরতে চাই।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের শিক্ষার্থীরা কোনো অংশেই পিছিয়ে নয়। তাদের মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক মানের শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সৃজনশীল নেতৃত্ব গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে বিকশিত করতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।

আগামী বছর থেকে এ ধরনের প্রতিযোগিতা আরও বৃহৎ পরিসরে আয়োজনের ঘোষণা দিয়ে ববি হাজ্জাজ বলেন, ভবিষ্যতে এই প্রতিযোগিতাগুলো টেলিভিশনে সম্প্রচার করা হবে, যাতে সারা দেশের মানুষ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিভা উপভোগ করতে পারে। একই সঙ্গে পুরস্কারের পরিধিও বাড়ানো হবে।

বিদ্যালয়গুলোকে উৎসাহিত করতে নতুন প্রণোদনার কথাও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, কোনো বিদ্যালয়ের শিক্ষার্থী যদি বড় পুরস্কার অর্জন করে, তাহলে শিক্ষার্থীর পুরস্কারের পাশাপাশি বিদ্যালয়ের জন্যও বিশেষ অনুদানের ব্যবস্থা করা হবে। এতে শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে আরও উৎসাহিত হবেন।

তিনি উপজেলা, ইউনিয়ন ও স্থানীয় পর্যায়ের শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রম আরও ব্যাপকভাবে প্রচার করতে হবে। স্থানীয় পর্যায়ে আয়োজিত প্রতিযোগিতায় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ত করে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করতে হবে।

পরে প্রতিমন্ত্রী বিভিন্ন প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *