গাজীপুরে শুরু হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

মোঃ নূরুল ইসলাম সবুজ গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। এতে বিজয়ী দলের জন্য থাকবে ৩ লাখ টাকা এবং রানার্সআপ দলের জন্য পুরস্কার হিসেবে থাকবে দুই লাখ টাকা।

সোমবার বিকালে শহীদ বরকত স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির আহ্বায়ক ও ফুটবল ফেডারেশন গাজীপুরের আহ্বায়ক হান্নান মিয়া হান্নু জানান, এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আগামী ১৮ জুন গাজীপুরের ঐতিহ্যবাহী শহীদ বরকত স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন হবে।

এ টুর্নামেন্টের মূল বার্তা হিসেবে থাকবে ‘মাদক নয়, খেলাধুলা হোক তরুণ প্রজন্মের অঙ্গীকার’।

এ সময় জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠকদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক খেলোয়াড় আব্দুর রউফ বাবুল, অ্যাডভোকেট আব্দুস সালাম, আকম মোফাজ্জল হোসেন, সাখাওয়াত হোসেন সবুজ, আব্দুর রহমান কালা, আখতার হোসেন, আতাউর রহমান, খান জাহিদ হোসেন, আশরাফুল আলম খান টুলু, ফখরুল ইসলাম খান প্রমুখ।

এছাড়াও সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলী এবং সামাজিক মূল্যবোধ তৈরির অন্যতম শক্তিশালী হাতিয়ার। বর্তমান সময়ে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।

সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারী দলসমূহের নিবন্ধন কার্যক্রম, আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়।

আয়োজকরা বলেন, এ টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের মধ্যে ক্রীড়াচর্চার আগ্রহ বৃদ্ধি পাবে ও সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি হবে।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. হান্নান মিয়া হান্নু সাংবাদিকদের উদ্দেশে বলেন, টুর্নামেন্টের সফল আয়োজন এবং ব্যাপক প্রচার-প্রসারে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের মাধ্যমে খেলাধুলার ইতিবাচক বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে যাবে। এছাড়াও অংশ নেওয়া প্রতিটি দলকে ২০ হাজার এবং খেলায় দুটি দলের জন্য ৫০ হাজার টাকার প্রাইজ মানি দেওয়া হবে।

আয়োজকরা স্থানীয় ও জাতীয় পর্যায়ের গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং টুর্নামেন্টকে সফল করতে সবার অংশগ্রহণের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *