রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক

শুভদিন অনলাইন রিপোর্টার:

দেশে ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি ও খেলাধুলার প্রসারে ঢাকার পল্টন ময়দানে আজ ‘ন্যাশনাল রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বাংলাদেশ রাগবি ফেডারেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের মাটিতে রাগবি খেলার এই নবযাত্রাকে আমি স্বাগত জানাই। আমাদের খেলোয়াড়দের প্রতিভা বিকাশের জন্য আমরা সুযোগ তৈরি করে দিতে চাই।

রাগবি খেলাকে দেশব্যাপী জনপ্রিয় করার পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, রাগবি কেবল ঢাকা কেন্দ্রিক থাকবে না, বরং জেলা পর্যায় পর্যন্ত ছড়িয়ে দেওয়া হবে। প্রতিটি জেলায় যেন রাগবি চর্চা শুরু হয়, সেজন্য রাগবি ফেডারেশনকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। ফেডারেশনকে একটি পূর্ণাঙ্গ বার্ষিক ক্রীড়া ক্যালেন্ডার তৈরির অনুরোধ জানিয়ে তিনি আশ্বস্ত করেন যে, এই ক্যালেন্ডার বাস্তবায়নে মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। প্রতিমন্ত্রী আরও জোর দিয়ে বলেন, আমাদের কাছে সকল খেলাই সমান। প্রতিটি ফেডারেশনকে সমান গুরুত্ব দিয়ে আমরা এগিয়ে নিতে চাই।

রাগবি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী পল্টনস্থ জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ‘মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা (বালক ও বালিকা) ২০২৬’-এর উদ্বোধন করেন। হ্যান্ডবল একটি জনপ্রিয় খেলা উল্লেখ করে তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে এই আয়োজন একটি অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *