শুভদিন অনলাইন রিপোর্টার:
পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মধ্যে দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল— বিএনপির শ্রমিক সমাবেশ৷ দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ আয়োজন শুরু হয়৷ এর আগে মনোজ্ঞ এক সাংস্কৃতিক আয়োজনের মধ্যে দিয়ে নেতাকর্মীদের একত্রিত করা হয়৷ এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমান৷।
সমাবেশ উপলক্ষে দুপুর ১টা থেকেই রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন৷ এরই মধ্যে নয়াপল্টন সড়ক পরিপূর্ণ হয়ে একদিকে কাকরাইল অন্যদিকে নটরডেম কলেজ পর্যন্ত গিয়ে ঠেকেছে এই সমাবেশ।
স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা। তারা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে উল্লাস করছেন। দুপুরের পর থেকে মঞ্চে শিল্পীরা গান পরিবেশন করেন।
এই সমাবেশের শৃঙ্খলা ধরে রাখতে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন ইউনিটসমূহকে স্থান ভাগ করে সেই অনুযায়ী অবস্থান নিতে বলা হয়েছে। দলীয় নির্দেশনা অনুযায়ী শ্রমিক দল হক বে হইতে নয়াপল্টন মসজিদ পর্যন্ত রাস্তার দুই পাশে এবং মূল মঞ্চের সামনে অবস্থান নিয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন এবং সমাবেশের সার্বিক নিরাপত্তায় বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি, ডিবি সদস্যসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে৷ রাখা হয়েছে জরুরি অগ্নিনির্বাপক ব্যবস্থাও৷