১৫ বছর পর বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

শুভদিন অনলাইন রিপোর্টার:

ফুটবল বিশ্বকাপের ডামাডোলের মাঝেই বাংলাদেশে সফরে আসবে অস্ট্রেলিয়া। টাইগারদের বিপক্ষে খেলবে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।
বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আজ শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তারা ঘোষণা করেছে সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের পূর্ণাঙ্গ সূচি।
২০১১ সালের পর এই প্রথম বাংলাদেশের মাঠে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলবে তারা। মিরপুরে আগামী ৯, ১১ ও ১৪ জুন হবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ।
এরপর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো হবে যথাক্রমে ১৭, ১৯ ও ২১ জুন।
ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। আর শেষেরটি মাঠে গড়াবে দুপুর ২টায়।
বছরের শুরুতে বিসিবির পক্ষ থেকেও জানানো হয়েছিল, এই দুই সিরিজের সূচি। তবে তখন সূচিতে ছিল ভিন্নতা। অর্থাৎ দুই সিরিজের সূচিতেই এসেছে পরিবর্তন।
আগের সূচিতে ওয়ানডে তিনটি ছিল ৫, ৮ ও ১১ জুন। আর টি-টোয়েন্টি ম্যাচগুলো ছিল ১৫, ১৮ ও ২০ জুন।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই দুই সিরিজ খেলার পর আবার অগাস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যাবে বাংলাদেশ। ডারউইন ও ম্যাকাইতে হবে ওই দুই টেস্ট।
২০০৩ সালের পর সেটিই হতে চলেছে অস্ট্রেলিয়ার মাঠে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ।
উল্লেখ্য, দ্বিপক্ষীয় সিরিজে আগে দুই দফায় ওয়ানডে খেলেছে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। ২০০৬ ও ২০১১ সালে দুটি সিরিজে ছয় ম্যাচের সবকটিতে জিতেছে তারা।
বাংলাদেশের মাঠে দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ একবারই খেলেছিল অস্ট্রেলিয়া। ২০২১ সালে সেই সিরিজে বাংলাদেশ জিতেছিল ৪-১ ব্যবধানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *