সন্দ্বীপ প্রতিনিধি:

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় ২৫ ঘণ্টা পর এক শিশুর মরদেহ বাড়ির পাশের একটি কচুখেত থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, উপজেলার বাউরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মিয়াজান হাজীর বাড়ি এলাকার বাসিন্দা ফরহাদের ছেলে গত শনিবার (৩০ মে) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়ে যায়। শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে ব্যাপক অনুসন্ধান চালান। এছাড়া বাড়ির আশপাশের ৫ থেকে ৬টি পুকুরেও জাল ফেলে খোঁজ করা হয়, কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি।
নিখোঁজের প্রায় একদিন পর রবিবার (৩১ মে) দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের একটি কচুখেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় জমায়। পরে পুলিশকে অবহিত করা হলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
স্থানীয়রা জানান, মরদেহ উদ্ধার হওয়া স্থানেও এর আগে একাধিকবার খোঁজাখুঁজি করা হয়েছিল। ফলে ঘটনাটি নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে।
সন্দ্বীপ থানা পুলিশ জানিয়েছে, শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের লক্ষ্যে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে জানা যাবে।
এদিকে শিশুটির আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।