বদলগাছীতে ৩৮ লাখ টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন

আহসান হাবীব শিপলু বিশেষ প্রতিনিধিঃ

কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় নওগাঁর বদলগাছী উপজেলায় একটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন ও সংস্কার প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।
নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল রবিবার দুপুর সাড়ে ১২টায় বদলগাছী উপজেলার ঢেকড়া এলাকায় ‘ঢেকড়া শফিরের জমি থেকে খোর্দ্দভবন ব্রিজথ পর্যন্ত ১,২০০ মিটার দৈঘের্যর খাল সংস্কার কাজের উদ্বোধন করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২০২৫-২০২৬ অর্থবছরে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। মোট ব্যয় ধরা হয়েছে ৩৮ লাখ ৩৬ হাজার ৬১০ টাকা।
আলোচনা সভা
উদ্বোধনের পর বারাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বদলগাছী উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ছনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, খাল, নদী ও জলাশয় রক্ষা করা শুধু পরিবেশের জন্য নয়, কৃষি ও গ্রামীণ অর্থনীতির জন্যও অত্যন্ত জরুরি। দীর্ঘদিন পলি জমে খালের নাব্যতা কমে যাওয়ায় কৃষকরা সেচ ও পানি নিষ্কাশনে চরম ভোগান্তিতে পড়েছিলেন। এই প্রকল্প বাস্তবায়িত হলে ফসলি জমিতে পানি প্রবাহ স্বাভাবিক হবে, জলাবদ্ধতা দূর হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, খালটি সংস্কারের ফলে আশেপাশের কয়েক হাজার বিঘা জমির পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে। এছাড়া জীববৈচিত্র্য সংরক্ষণ ও মৎস্য সম্পদ বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় কৃষক রউফ জানান, দীর্ঘদিন খালটি ভরাট থাকায় বর্ষায় ফসলি জমি ডুবে যেত। প্রতি বছর লোকসান গুনতে হতো। এখন খাল খনন হলে ফসল উৎপাদন ভালো হবে এবং পরিবেশের ভারসাম্য ফিরে আসবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বদলগাছী উপজেলার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, বালুভরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল-এমরান হোসেন।
এছাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো, বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, প্রকল্পের উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভাপতির সমাপনী বক্তব্যে ইউএনও ইশরাত জাহান ছনি নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা এবং শতভাগ গুণগত মান বজায় রাখার উপর কঠোর নির্দেশ দেন।
স্থানীয় সচেতন মহল প্রকল্পের সঠিক বাস্তবায়ন ও দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *